March 12, 2026

  • Home
  • All
  • পোশাক শিল্পকে বিশ্বমঞ্চে পৌঁছে দিতে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য: সেলিম রহমান
Image

পোশাক শিল্পকে বিশ্বমঞ্চে পৌঁছে দিতে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য: সেলিম রহমান

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এক বিশেষ শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

সোমবার (১২ জানুয়ারি, ২০২৬) বিকেলে রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সের নুরুল কাদের অডিটোরিয়ামে এই শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান।

শোকসভায় উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি ইনামুল খান বাবলু, সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহ-সভাপতি শেহাব উদ্দুজ্জা চৌধুরীসহ সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, সাধারণ সদস্য এবং পোশাক খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিজিএমইএ’র প্রাক্তন সভাপতি কাজী মনিরুজ্জামান এবং পরিচালক ড. রশিদ আহমেদ হোসাইনী। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের দীর্ঘ রাজনৈতিক পথচলায় তাঁর আপসহীন ও ঐতিহাসিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

সভাপতির বক্তব্যে বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী ও দূরদর্শী রাষ্ট্রনায়ক। তিনি ছিলেন বাংলাদেশের পোশাক শিল্পের প্রকৃত বন্ধু।” তিনি বলেন, নব্বইয়ের দশকের শুরুতে যখন দেশের পোশাক শিল্প শৈশবকাল অতিক্রম করছিল, তখন বেগম খালেদা জিয়া সরকারিভাবে নানা সুযোগ-সুবিধা ও নগদ প্রণোদনা দিয়ে শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর শাসনামলেই প্রথমবারের মতো বাংলাদেশের পোশাক রপ্তানি ১ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে।

সেলিম রহমান আরও বলেন, “২০০৪ সালে কোটা প্রথা (MFA Phase Out) বিলুপ্তির সময় তিনি জাতীয় কো-অর্ডিনেশন কমিটি গঠন করে দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছিলেন, যার সুফল আজও শিল্পখাত ভোগ করছে।”

তিনি বিজিএমইএ’র ওপর আস্থা রেখে ইউডি ও ইউপি প্রদানের ক্ষমতা অর্পণ, মুক্তবাজার অর্থনীতি চালু, ব্যবসা সহজীকরণ, ব্যবসা পরিচালনা ব্যয় কমানো এবং নারী শিক্ষায় উপবৃত্তি চালুর মতো যুগান্তকারী পদক্ষেপের কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিজিএমইএ’র পরিচালক ড. রশিদ আহমেদ হোসাইনী। এ সময় বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের ওপর নির্মিত একটি বিশেষ ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়, যেখানে দেশের অর্থনীতি, গণতন্ত্র পুনরুদ্ধার, নারীর ক্ষমতায়ন এবং বিশেষ করে পোশাক শিল্পের বিকাশে তাঁর অবদান তুলে ধরা হয়।

আলোচনা সভা শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Related Posts

কক্সবাজার উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

কক্সবাজার উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা), এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে…

Mar 11, 2026
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন সাক্ষাৎ…

Mar 11, 2026
কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চাই: চিফ হুইপ নুরুল ইসলাম মনি

কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চাই: চিফ হুইপ নুরুল ইসলাম মনি

নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, একটি কার্যকর ও প্রাণবন্ত…

Mar 11, 2026
Scroll to Top