March 8, 2026

  • Home
  • All
  • বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত: ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা
Image

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত: ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঢাকাস্থ ইন্ডিয়ান হাইকমিশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব ও অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

রাজধানীর হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারত তার সংবিধান গ্রহণের মাধ্যমে একটি সার্বভৌম প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে এবং ন্যায়বিচার, স্বাধীনতা, সমতা ও শিক্ষার আদর্শে প্রতিশ্রুতিবদ্ধ হয়। গত ৭৬ বছরে ভারত একটি দরিদ্র রাষ্ট্র থেকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং অন্যতম বৃহৎ অর্থনীতিতে পরিণত হয়েছে।

হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, এই অগ্রযাত্রায় বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সহযাত্রী। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়কার অভিন্ন ত্যাগ ও আত্মত্যাগ দুই দেশের সম্পর্ককে এক বিশেষ উচ্চতায় নিয়ে গেছে, যা আজও বাংলাদেশ–ভারত সম্পর্কের ভিত্তি হিসেবে কাজ করছে।

তিনি আরও বলেন, দুই দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক ও মানবিক বন্ধন অত্যন্ত গভীর। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম থেকে শুরু করে সংগীত, শিল্প ও সংস্কৃতির নানা ধারায় এই ঘনিষ্ঠতা স্পষ্টভাবে প্রতিফলিত হয়। এই সাংস্কৃতিক সাযুজ্যই দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করেছে।

প্রণয় ভার্মা উল্লেখ করেন, সাম্প্রতিক বছরগুলোতে সংযোগ, বাণিজ্য, জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সীমান্তপাড়ি জ্বালানি পাইপলাইন, বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং ফার্মাসিউটিক্যাল ও ডিজিটাল সেবায় সহযোগিতা দুই দেশের পারস্পরিক নির্ভরশীলতার বাস্তব উদাহরণ।

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, ভারত ও বাংলাদেশ উদ্ভাবন, প্রযুক্তি ও টেকসই উন্নয়নের ভিত্তিতে আরও দূরদর্শী ও ভবিষ্যতমুখী সহযোগিতা গড়ে তুলতে সক্ষম। তরুণ, দক্ষ ও উদ্যমী জনগোষ্ঠীর শক্তিকে কাজে লাগিয়ে দুই দেশ একে অপরের টেকসই প্রবৃদ্ধির সহায়ক ও আঞ্চলিক সংযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন বাংলাদেশ–ভারত বন্ধুত্বকে আরও একবার স্মরণ করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। তিনি উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান।

ড. ফাওজুল কবির খান বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের জনগণের অবদান বাংলাদেশের জনগণ চিরকৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে। ভৌগোলিক নৈকট্য, অভিন্ন ইতিহাস ও অভিন্ন আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করেই দুই দেশের সম্পর্ক গড়ে উঠেছে। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বহুমাত্রিক এবং জনগণের কল্যাণ ও উন্নয়নের স্বার্থে এ সম্পর্ক আরও জোরদারে উভয় দেশ প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, পারস্পরিক আস্থা ও সম্মানের ভিত্তিতে বাংলাদেশ–ভারত সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর হবে। কিছু চ্যালেঞ্জ থাকলেও অতীতে দুই দেশ সেগুলো সফলভাবে অতিক্রম করেছে এবং ভবিষ্যতেও সহযোগিতার মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।

অনুষ্ঠানে কূটনৈতিক, সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Posts

পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে বিশ্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে বিশ্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজধানীতে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ, ২০২৬)…

Mar 8, 2026
গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সবসময় সমর্থন করবে ভারত: হাইকমিশনার প্রণয় ভার্মা

গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সবসময় সমর্থন করবে ভারত: হাইকমিশনার প্রণয় ভার্মা

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, নয়াদিল্লি সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও…

Mar 8, 2026
ভারতীয় হাইকমিশনের-এর আমন্ত্রণে ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ‘প্রবাসে বাংলার মুখ’-এর সম্পাদক সজীবুল-আল-রাজীব

ভারতীয় হাইকমিশনের-এর আমন্ত্রণে ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ‘প্রবাসে বাংলার মুখ’-এর সম্পাদক সজীবুল-আল-রাজীব

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা-এর সরকারের বিভিন্ন মন্ত্রীসহ বিশিষ্ট নাগরিকদের সম্মানে ভারতীয় হাইকমিশন আয়োজিত…

Mar 7, 2026
Scroll to Top