April 21, 2026

  • Home
  • All
  • বাংলাদেশে স্টার্টআপ বিনিয়োগের নতুন সুযোগ নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫
Image

বাংলাদেশে স্টার্টআপ বিনিয়োগের নতুন সুযোগ নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫

আগামী ৭-১০ এপ্রিল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর আয়োজনে “বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫” অনুষ্ঠিত হতে যাচ্ছে। সামিটের মূল লক্ষ্য বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা, জুলাই বিপ্লব-পরবর্তী অর্থনৈতিক সংস্কার প্রদর্শন করা এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ সংযোগ তৈরি করা।

রবিবার (২৩ মার্চ, ২০২৫) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান জনাব আশিক চৌধুরী জানান, ইতোমধ্যেই ৫০টি দেশের ২,৩০০-এর বেশি বিনিয়োগকারী নিবন্ধন করেছেন, যার মধ্যে ৫৫০ জনের বেশি বিদেশি বিনিয়োগকারী রয়েছেন। শীর্ষ নিবন্ধিত দেশগুলোর মধ্যে রয়েছে চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, সিঙ্গাপুর এবং জাপান।

প্রেস ব্রিফিংয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, “বিনিয়োগের ক্ষেত্রে ডলার ভ্যালুর চাইতে কর্মসংস্থান সৃষ্টির দিকে আমাদের ফোকাস থাকবে। কোনো ইনভেস্টর ১০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে এবং এক হাজার চাকরি তৈরি করবে; আরেকজন ইনভেস্টর ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে কিন্তু মাত্র ১০০ জনের চাকরি হবে। এই দুজনের মধ্যে আমরা প্রথম জনকেই বেশি প্রাধান্য দেব। কারণ ১০০ মিলিয়ন ডলারে ১০০ জনের চাকরি নয়, আমাদের দেশের জন্য দরকার ১০ মিলিয়ন ডলারে ১ হাজার জনের চাকরি।”

সামিটে বিশ্বের শীর্ষস্থানীয় কর্পোরেট ব্যক্তিত্বরা অংশ নেবেন, যাদের মধ্যে রয়েছেন জারা গ্রুপের সিইও অস্কার গার্সিয়া মেসেইরাস, ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলাইয়েম, ব্রিটিশ ব্যারোনেস রোজি উইন্টারটন, স্যামসাং সি অ্যান্ড টি-র ভাইস প্রেসিডেন্ট কিয়ংসু লি, গিওর্দানো-র সিইও জুনসিওক হান, এক্সেলারেট এনার্জির প্রেসিডেন্ট স্টিভেন কোবোস, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের উবারের পাবলিক পলিসি প্রধান মাইক অর্গিল, মেটার পাবলিক পলিসি ডিরেক্টর সারিম আজিজ।

এছাড়াও, বি ক্যাপিটাল, গবি, কনজাংশন, মারুবেনি এবং জি এফ আর-এর মতো ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানগুলো স্টার্টআপ বিনিয়োগ ও ডিজিটাল অর্থনীতির প্রসারে কাজ করবে।

বিডার নির্বাহী চেয়ারম্যান জনাব আশিক চৌধুরী বলেন, সামিটের অংশ হিসেবে ৭ এপ্রিল দক্ষিণ কোরিয়ার ২৬ সদস্যের একটি প্রতিনিধিদলসহ বিদেশি বিনিয়োগকারীরা চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেড, চট্টগ্রামের মিরসরাইয়ের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন করবেন। 

একই দিনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্টার্টআপ সংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হবে। 

৮ এপ্রিল বিনিয়োগকারীরা নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন করবেন এবং দিন শেষে একটি বিশেষ নেটওয়ার্কিং অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 

৯ এপ্রিল সামিটের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। একই দিনে বাংলাদেশে স্টারলিংকের ‘টেস্ট রান’ করা হবে। 

অনুষ্ঠানে রাষ্ট্রদূত, নীতিনির্ধারক এবং শীর্ষ ব্যবসায়ী ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। এই দিন তরুণ উদ্যোক্তা এক্সপো এবং ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপি আয়োজিত নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে ব্রেকআউট সেশন অনুষ্ঠিত হবে। 

এছাড়া বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরতে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় একটি বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হবে।

১০ এপ্রিল সামিটে বিভিন্ন ব্রেকআউট সেশন অনুষ্ঠিত হবে। যার মধ্যে ডিজিটাল অর্থনীতি (সিটি এনএ ও ইউএনডিপি), টেক্সটাইল (এইচএসবিসি ও বিজিএমইএ), কৃষি ও কৃষি-প্রক্রিয়াজাতকরণ (ডাচদূতাবাস ও এলসিপি) এবং স্বাস্থ্যসেবা (ইন্সপিরা, ইবিএল ও সাজিদা ফাউন্ডেশন)-এর ওপর আলোচনা হবে। 

এছাড়া বিনিয়োগকারীদের জন্য ম্যাচমেকিং সেশন এবং সেরা বিনিয়োগ চর্চা নিয়ে রাউন্ড-টেবিল বৈঠক অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘অনেক বিদেশি বিনিয়োগকারী এখনও বাংলাদেশের প্রকৃত বিনিয়োগ পরিস্থিতি সম্পর্কে সচেতন নন। এই সামিটের মাধ্যমে আমরা তাদের বাংলাদেশের সম্ভাবনা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিনিয়োগবান্ধব নীতি এবং সংস্কৃতি সম্পর্কে অবহিত করতে চাই।’

বিডা চেয়ারম্যান আরও বলেন, সম্মেলনে বিদেশি বিনিয়োগকারীদের কাছে দেশের প্রকৃত চিত্র তুলে ধরার লক্ষ্যে এনবিআর, বাংলাদেশ ব্যাংক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের আলাদা আলাদা বুথ থাকবে। 

এছাড়া তিনটি রাজনৈতিক দল বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আলাদা বুথ থাকবে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম, উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, বিডার ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রচি উপস্থিত ছিলেন।

Related Posts

বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশ ও ইতালির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি…

Apr 21, 2026
বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ বাড়াতে আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ বাড়াতে আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে বৈঠক করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার…

Apr 21, 2026
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক শক্তিশালী করতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক শক্তিশালী করতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাণিজ্য সংলাপ জোরদারে শিগগিরই বাংলাদেশ সফরে আসছেন ব্রেন্ডান লিঞ্চ, যিনি যুক্তরাষ্ট্রের Office of the United States…

Apr 21, 2026
Scroll to Top