ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
সার্ককে পুনরুজ্জীবিত করা প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র নীতির অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
শনিবার (১৮ এপ্রিল, ২০২৬) তুরস্কে আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে মন্ত্রী পর্যায়ের এক প্যানেল আলোচনায় এ কথা জানান তিনি।
তুরস্কে অনুষ্ঠিত আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে এক মন্ত্রী পর্যায়ের প্যানেল আলোচনায় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
প্যানেলে অংশগ্রহণ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং আফগানিস্তানের পরিবহনমন্ত্রী আজিজি অংশ নেন।
আলোচনায় ড. খলিলুর রহমান বলেন, সার্ককে পুনরুজ্জীবিত করা প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। তিনি জোর দিয়ে বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার বিপুল সম্ভাবনা রয়েছে।
প্যানেলের বক্তারা একমত পোষণ করেন যে, আঞ্চলিক সহযোগিতার পথে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে সংলাপ ও কূটনীতিই একমাত্র কার্যকর পথ। তারা মনে করেন, পারস্পরিক আস্থা ও যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দক্ষিণ এশিয়া একটি শক্তিশালী ও সমৃদ্ধ অঞ্চলে পরিণত হতে পারে।




