নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা-১১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম বলেছেন, বিএনপি সবসময় জনগণের দল ছিল এবং ভবিষ্যতেও থাকবে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির রয়েছে ঐতিহাসিক ভূমিকা।
তিনি বলেন, ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, ইনশাআল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারি সেই জোয়ারই বিজয়ে রূপ নেবে। দীর্ঘদিন পর মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে, কিন্তু একটি বিশেষ মহল আবারও সেই অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি, ২০২৬) রাজধানীর ভাটারা-বারিধারা এলাকায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিএনপিতে যোগদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. কাইয়ুম বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বপ্ন দেখছে। এই সুযোগ নষ্ট করতে নানা অপচেষ্টা চালানো হচ্ছে। এ বিষয়ে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, স্বৈরাচারের পতন ঘটেছে ঠিকই, কিন্তু তাদের দোসররা এখনও সমাজের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে রয়েছে। তাই গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে এবং কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না।
ঢাকা-১১ আসনের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বিএনপির এই প্রার্থী বলেন, সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে এই আসনকে একটি আদর্শ এলাকায় পরিণত করা হবে। যেখানে থাকবে না মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা দখলবাজি। মানুষের নিরাপত্তা ও শান্তিই হবে আমাদের প্রধান অগ্রাধিকার।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




