ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রবিবার (১৫ মার্চ ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে রুশ রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক ভবিষ্যতেও আরও শক্তিশালী হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান এবং এই সম্পর্ক বর্তমানে জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, দক্ষ জনশক্তি স্থানান্তর এবং জনগণের পারস্পরিক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে আরও সম্প্রসারিত হচ্ছে।
এ সময় রুশ রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারে রাশিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং রাশিয়ার সঙ্গে বাংলাদেশের চলমান সম্পৃক্ততার প্রশংসা করেন।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২০২৬–২০২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের–এর ৮১তম অধিবেশনের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতার জন্য রাশিয়ার সমর্থন কামনা করেন।
আলোচনার শেষে উভয় পক্ষ দুই দেশের সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং পারস্পরিক স্বার্থে বিদ্যমান সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।




