March 11, 2026

  • Home
  • All
  • ঢাকায় অনুষ্ঠিত হলো এনআরবি গ্লোবাল কনভেনশন ২০২৫, ৩০ প্রবাসী বাংলাদেশি পেলো এনআরবি গ্লোবাল এ্যাওয়ার্ড ২০২৫
Image

ঢাকায় অনুষ্ঠিত হলো এনআরবি গ্লোবাল কনভেনশন ২০২৫, ৩০ প্রবাসী বাংলাদেশি পেলো এনআরবি গ্লোবাল এ্যাওয়ার্ড ২০২৫

রাজধানী ঢাকায় সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে এনআরবি গ্লোবাল কনভেনশন ২০২৫। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বলেন, প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর প্রবাসী শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম অর্থনীতির পুনরুদ্ধারে সহায়ক হয়েছে। তবে তিনি মনে করেন, প্রবাসীদের ভূমিকা শুধু রেমিট্যান্স পাঠানোর মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়; বরং শিল্প ও ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সুফল নিশ্চিত করা সম্ভব।

ভারতের উদাহরণ টেনে তিনি বলেন, প্রবাসী নাগরিকদের দক্ষতা ও বৈশ্বিক অবস্থান কাজে লাগিয়ে ভারত উল্লেখযোগ্য অর্থনৈতিক সুবিধা অর্জন করেছে। বাংলাদেশেও এখন এমন একটি ‘ক্রিটিক্যাল মাস’ তৈরি হয়েছে, যারা দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে। যুব বেকারত্ব প্রসঙ্গে তিনি বলেন, পর্যাপ্ত কর্মসংস্থানের অভাবে অনেক তরুণ অবৈধ পথে ইউরোপে পাড়ি জমাচ্ছে। প্রবাসীরা যদি দেশে শিল্প, প্রযুক্তি ও সেবাখাতে বিনিয়োগ করেন, তাহলে এ প্রবণতা কমানো সম্ভব।

তিনি আরও বলেন, জাপানের মতো নতুন শ্রমবাজারে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। সেক্ষেত্রে ভাষা ও দক্ষতা প্রশিক্ষণ জোরদার করলে প্রবাসী কর্মসংস্থানের সম্ভাবনা বহুগুণে বৃদ্ধি পাবে।

সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল উচ্চপর্যায়ের নীতিনির্ধারকদের সরাসরি অংশগ্রহণ। প্রবাসী উদ্যোক্তারা তাদের বাস্তব বিনিয়োগ সমস্যা ও সম্ভাবনার কথা সরাসরি নীতিনির্ধারকদের সামনে তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর, যিনি আর্থিক খাত সংস্কার, নীতিগত সহায়তা এবং সহজ ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে প্রবাসী বিনিয়োগ আকৃষ্ট করার ওপর গুরুত্বারোপ করেন।

দিনব্যাপী এই সম্মেলনে স্বাস্থ্য, শিক্ষা, উন্নয়ন, অর্থনীতি, তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। দেশ ও প্রবাসী উভয় পর্যায়ের খ্যাতনামা ব্যক্তিরা কী-নোট স্পিকার ও প্যানেলিস্ট হিসেবে অংশ নেন। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয় এনআরবি গ্লোবাল এ্যাওয়ার্ড ২০২৫।

এনআরবি ওয়ার্ল্ড-এর প্রতিষ্ঠাতা এনায়েতুল হক এনাম বলেন, দেশের সঙ্গে প্রবাসী কমিউনিটির একটি কার্যকর ও টেকসই সেতুবন্ধন তৈরি করাই তাদের লক্ষ্য। প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতাকে দেশের উন্নয়নের সঙ্গে যুক্ত করতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সম্মেলনে অংশ নেওয়া প্রবাসী উদ্যোক্তারা জানান, সরকার যদি নীতিগত সহায়তা, স্বচ্ছতা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করে, তাহলে তারা বাংলাদেশে বড় পরিসরে বিনিয়োগে আগ্রহী। এই কনভেনশন প্রমাণ করেছে যে সঠিক পরিকল্পনা ও নীতিগত সহায়তা পেলে প্রবাসী বাংলাদেশিরাই হতে পারেন দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি।

সম্মেলনে বিশ্বের প্রায় ২৫টি দেশ থেকে প্রবাসী উদ্যোক্তা, শিল্পপতি, ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, শিক্ষক ও আইটি পেশাজীবীরা অংশ নেন। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর, জাপান ও দক্ষিণ কোরিয়ার বিভিন্ন বাংলাদেশি চেম্বার অব কমার্স ও বিজনেস কাউন্সিলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। প্রায় এক হাজার প্রবাসী এই সম্মেলনে অংশগ্রহণ করেন।

এ ছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর পরিচালক মো. সিরাজুল ইসলাম খান এবং উপপরিচালক মুহাম্মদ মুনিরুল হাসান সম্মেলনে উপস্থিত থেকে বিনিয়োগ ও উন্নয়ন সংক্রান্ত আলোচনায় অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কী-নোট বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর পল ফ্রস্ট, এনআরবি ওয়ার্ল্ড-এর প্রেসিডেন্ট আজিজ আহমেদ, আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট গিয়াস আহমেদ, গ্লোবাল এনআরবি চেম্বারের মহাসচিব হেমি হোসেন, অস্ট্রেলিয়া-বাংলাদেশ চেম্বারের মহাসচিব আবদুল্লাহ রুবেল, জাপান-বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. শেখ আলীমুজ্জামান এবং দুবাই রিয়েল এস্টেটের সিইও মোমিনুল হক।

সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল এনআরবি গ্লোবাল এ্যাওয়ার্ড ২০২৫ প্রদান অনুষ্ঠান। প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংকিং ও সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে মোট ৩০ জন বিশিষ্ট ব্যক্তিকে এই সম্মাননা প্রদান করা হয়। এ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন— গোলাম ফারুক ভূইয়া (GFB Group of Industries), তানভীর মাহমুদ (AIMEX LLC), ইঞ্জিনিয়ার আবুবকর হানিফ (Washington University of Science and Technology, USA), নাজদা আলম (শিক্ষাবিদ ও সমাজকর্মী), প্রীতি চক্রবর্তী (Universal Medical College & Hospital Ltd), মোমিনুল হক (Dubayt Real Estate and Property Management, UAE), হাবিব উল্লাহ ডন (A. M. Group), হেমি হোসেন (Nexgen Global Group, Brainworks, Melbourne Metropolitan College, Arise Care Health) এবং ইঞ্জিনিয়ার মো. খান (Alloy Metals Company)।

এছাড়া সম্মাননা পান কাউন্সিলর জাহাঙ্গীর হক (রাজ) (যুক্তরাজ্য, সাবেক মেয়র, BBCCI পরিচালক), ড. মো. শাদী-উজ-জামান (Notundhora Group), আহসান হাবিব (Bismillah Supermarket, Hillmart Discount Super Store), খালেদ উর রহমান (Golden Tulip The Grandmark-Dhaka, Contec Limited), ওমর ফারুক খান (Islami Bank Bangladesh PLC), আহসান জামান চৌধুরী (Trust Bank PLC) এবং মোহাম্মদ বেলায়েত হোসেন (Dhaka Home, Bashundhara Housing)।

এনআরবি গ্লোবাল এ্যাওয়ার্ড ২০২৫-এ আরও সম্মানিত হন আবুবকর সিদ্দিক রানা (Korea Bangladesh Business Council-KBBC, KB Aviation, Prime Group), ড. ইসরাত জাহান (Aesthetic Hub Limited), হাসানুজ্জামান হাসান (Bling Leather Products Ltd.), ইফতেখারুল আলম (পাপলু) (Veloxpays Pty Ltd, Australia), সায়রা আবেদিন (Innerwest Property Group, Kangaroo Global, Reeves College), জাকির হোসেন নয়ন (United CNG Ltd., United Cab Ltd.), কাওসার জামাল (Ascend Technology Inc.), মো. রিয়াজ উদ্দিন (Veloxpays Pty Ltd, Australia), মো. সালাউদ্দিন চৌধুরী (Stylish Garments Ltd.) এবং শাখাওয়াত হোসেন (Uniq Hotel & Resorts PLC)।

এছাড়া সম্মাননা পান আলী হোসেন প্রধানিয়া (NRBC Bank), মো. এস ইসলাম (নান্নু) (N.K International), কাজী সরওয়ার হাবিব (Furushima BD Ltd.) এবং ফয়েজ আহমেদ চৌধুরী (Car Export and Import Business)। আয়োজকরা জানান, এই সম্মাননা প্রবাসী বাংলাদেশিদের দেশ উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে।

Related Posts

কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চাই: চিফ হুইপ নুরুল ইসলাম মনি

কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চাই: চিফ হুইপ নুরুল ইসলাম মনি

নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, একটি কার্যকর ও প্রাণবন্ত…

Mar 11, 2026
দক্ষ জনশক্তি মালয়েশিয়ায় পাঠাতে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দক্ষ জনশক্তি মালয়েশিয়ায় পাঠাতে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, যুবক ও নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টিকে বাংলাদেশ সরকার সর্বোচ্চ অগ্রাধিকার…

Mar 11, 2026
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

ডেস্ক রিপোর্টঃ মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান…

Mar 11, 2026
Scroll to Top