ডিপ্লোম্যাটিক ডেস্ক:
বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাই কমিশনার মিসেস শিউনিন রশীদ বুধবার (০১ এপ্রিল, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, এমপি মিসেস শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। হাই কমিশনার প্রতিমন্ত্রীকে তাঁর দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়েছেন।

নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে মালদ্বীপের রাষ্ট্রপতি ও পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজায় মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন মন্ত্রীর অংশগ্রহণের জন্য প্রতিমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা এবং সংযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার এবং দুই দেশের মধ্যে বিদ্যমান বিশাল অব্যবহৃত সম্ভাবনাকে কাজে লাগানোর গুরুত্বের ওপর জোর দিয়েছে। প্রতিমন্ত্রী দুই দেশের মধ্যে ব্যবসায়িক প্রতিনিধিদলের আদান-প্রদান বৃদ্ধির গুরুত্বের ওপর জোর দেন এবং ২০২৬ সালের ১২ মার্চ থেকে মালদ্বীপের জাতীয় বিমান সংস্থা ‘মালদিভিয়ান’ কর্তৃক মালে-ঢাকা সরাসরি ফ্লাইট পুনরায় চালুর বিষয়টিকে স্বাগত জানান।
হাই কমিশনার মালদ্বীপের আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের অবদানের প্রশংসা করেন। প্রতিমন্ত্রী বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের জন্য মালদ্বীপ সরকারকে আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনা করার জন্য মালদ্বীপকে অনুরোধ করেন। হাই কমিশনার বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়ে মালদ্বীপের আগ্রহের কথা জানান।
প্রতিমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে মালদ্বীপ সরকারের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রতিমন্ত্রী সার্ককে পুনরুজ্জীবিত করার বিষয়ে বাংলাদেশ সরকারের অঙ্গীকারের কথা জানান এবং উভয় পক্ষই আঞ্চলিক সহযোগিতা জোরদার করার গুরুত্বের ওপর জোর দেয়।




