নিজস্ব প্রতিবেদকঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী তারেক রহমানসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি, ২০২৬) সকাল পৌনে ১১টায় জাতীয় সংসদ ভবন-এর শপথ কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান এএমএম নাসির উদ্দিন।

শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবন ও আশপাশ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি প্রবেশপথে তল্লাশি জোরদার করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেয়েছে ২০৯টি আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়লাভ করেছেন।
রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সংসদ সদস্যদের শপথ আগে পড়ানো হয়। শপথ গ্রহণের মধ্য দিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।




