ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ–এর সঙ্গে রবিবার (০১ মার্চ, ২০২৬ খ্রি.) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে ‘সেফ সিটি’ প্রকল্প বাস্তবায়ন ও ডাটাবেজ রেজিস্ট্রেশন সংক্রান্ত সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি সন্ত্রাস দমন, দুই দেশের পুলিশ একাডেমির মধ্যে পারস্পরিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর, অপরাধী বা বন্দি বিনিময় এবং ড্রোন খাতে সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় হয়।
বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি এবং বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী হাইকমিশনারকে স্বাগত জানান। এ সময় হাইকমিশনার নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রীকে তাঁর নতুন দায়িত্ব পালনের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।




