March 9, 2026

  • Home
  • All
  • বিশ্ব কিডনি দিবসকে সামনে রেখে ‘জলবায়ু পরিবর্তন ও কিডনি রোগের ঝুঁকি ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করল স্বেচ্ছাসেবী সংস্থা ক্যাম্পস
Image

বিশ্ব কিডনি দিবসকে সামনে রেখে ‘জলবায়ু পরিবর্তন ও কিডনি রোগের ঝুঁকি ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করল স্বেচ্ছাসেবী সংস্থা ক্যাম্পস

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশেও কিডনি রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। কিডনি রোগের কারণে শুধু ব্যক্তিগত জীবনই বিপর্যস্ত হয় না, বরং এই রোগ পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপরও বড় ধরনের অর্থনৈতিক চাপ সৃষ্টি করে। কিডনি রোগের মারাত্মক পরিণতি এবং চিকিৎসা ব্যয় অত্যন্ত বেশি হওয়ায় অনেক রোগী সময়মতো চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করেন—এমন উদ্বেগজনক চিত্র তুলে ধরেন বক্তারা।

বিশ্ব কিডনি দিবস–২০২৬ উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে দেশের শীর্ষস্থানীয় কিডনি বিষয়ক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস) শনিবার (৭ মার্চ ২০২৬) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে “জলবায়ু পরিবর্তন ও কিডনি রোগের ঝুঁকি ও করণীয়” শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রখ্যাত শিক্ষাবিদ, সাহিত্যিক এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্যাম্পস-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. এম এ সামাদ।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী কিডনি রোগ বিশ্বব্যাপী মৃত্যুর অন্যতম কারণ। উন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং স্থূলতার মতো অসংক্রামক রোগ বৃদ্ধির কারণে কিডনি রোগের প্রকোপ বাড়ছে। বিশ্বজুড়ে প্রায় ৮৫ কোটি মানুষ দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত।

তিনি আরও বলেন, ১৯৯০ সালে মৃত্যুর কারণ হিসেবে কিডনি রোগের অবস্থান ছিল ১৯তম, যা বর্তমানে ৭ম স্থানে উঠে এসেছে। এভাবে চলতে থাকলে ২০৪০ সালের মধ্যে এটি ৫ম অবস্থানে চলে আসতে পারে। উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোতেই কিডনি রোগের হার সবচেয়ে বেশি।

ডা. এম এ সামাদ বলেন, বাংলাদেশে কিডনি রোগ দ্রুত মহামারির দিকে এগোচ্ছে এবং এর সঙ্গে নতুন ঝুঁকি হিসেবে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তন। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, সংক্রমণ, ভেজাল খাদ্য, কীটনাশকের প্রভাব, অতিরিক্ত তাপপ্রবাহ, লবণাক্ততা এবং বিশুদ্ধ পানির সংকট কিডনি রোগের ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।

তথ্য অনুযায়ী, দেশে প্রায় ৩ কোটি ৮০ লাখ মানুষ কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত। এর মধ্যে প্রতি বছর প্রায় ৪০ হাজার রোগী ডায়ালাইসিসের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। এছাড়া প্রতি বছর প্রায় ২৪ থেকে ৩০ হাজার রোগীর হঠাৎ কিডনি বিকল হয়ে সাময়িক ডায়ালাইসিস প্রয়োজন হয়।

তিনি বলেন, যদি সবাই কিডনি রোগের ব্যাপকতা, ভয়াবহতা ও কারণ সম্পর্কে সচেতন থাকে এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন করে, তবে প্রায় ৬০–৭০ শতাংশ ক্ষেত্রে কিডনি বিকল প্রতিরোধ করা সম্ভব।

গোলটেবিলে জানানো হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বে গড় তাপমাত্রা ১.২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। বাংলাদেশে গ্রীষ্মকাল দীর্ঘ হচ্ছে এবং তাপপ্রবাহের মাত্রা বাড়ছে, যা কিডনি রোগের ঝুঁকি বাড়াচ্ছে।

ডা. এম এ সামাদ বলেন, কিডনি বিকলের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। ফলে অনেক সময় চিকিৎসা করতে গিয়ে পুরো পরিবার নিঃস্ব হয়ে পড়ে। এজন্য ক্যাম্পস-এর স্লোগান—

“কিডনি রোগ জীবননাশা—প্রতিরোধই বাঁচার আশা”।

তিনি বলেন, কিডনি রোগ প্রাথমিক অবস্থায় শনাক্ত করা গেলে চিকিৎসার মাধ্যমে কিডনি বিকল প্রতিরোধ করা সম্ভব। এজন্য প্রয়োজন ব্যাপক গণসচেতনতা।

বাংলাদেশ কিডনি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. হারুন-উর-রশীদ বলেন, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা না গেলে কিডনি রোগ নিয়ন্ত্রণ করা কঠিন হবে। তিনি বলেন, “আমরা অনেক সময় জানি, কিন্তু মানি না। ঝুঁকি জানার পরও পরীক্ষা করাতে চাই না। অথচ প্রথম বা দ্বিতীয় পর্যায়ে ধরা পড়লে কিডনি রোগ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।”

বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, দেশে কিডনি রোগীর সংখ্যা এখন প্রায় ৪ কোটি। প্রধানত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের কারণে এ রোগ দ্রুত বাড়ছে। বর্তমানে ডায়ালাইসিসের প্রায় ৬৫ শতাংশ সুবিধা ঢাকাকেন্দ্রিক। তবে সরকার দ্রুত ঢাকার বাইরে জেলা পর্যায়ে ডায়ালাইসিস সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে।

এছাড়া গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জোবাইদা বেগম, কবি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, পেডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. আফরোজা বেগম, বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের সদস্য সচিব সহকারী অধ্যাপক ডা. ফারহাদ হাসান চৌধুরী, সাবেক অতিরিক্ত সচিব খোন্দকার মোস্তাফা হোসেন, ক্যাম্পস-এর সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হারিছুল হক, সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. এ কে এম ফজলুর রহমান, বিজিএমইএ পরিচালক মিজানুর রহমান পিন্টু, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক আলমগীর কবির, বাংলা একাডেমির গবেষক মোকারম হোসেন এবং পরিবেশবিদ ড. মোহাম্মদ একরামুল ইসলাম।

ক্যাম্পস-এর নির্বাহী পরিচালক রেজওয়ান সালেহীন বলেন, কিডনি রোগ প্রতিরোধে ক্যাম্পস নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। তিনি বলেন, কিছু নিয়ম মেনে চললে কিডনি রোগ অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। এজন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

গোলটেবিল বৈঠকে সরকারের বিভিন্ন পর্যায়ের নীতিনির্ধারক, চিকিৎসক, সাংবাদিক, শিল্পী, শিক্ষাবিদ, ক্রীড়াবিদসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Related Posts

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন জাইকা প্রতিনিধি দল

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন জাইকা প্রতিনিধি দল

ডেস্ক রিপোর্টঃ প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মোঃ ইসমাইল জবিউল্লাহর সাথে রবিবার (৮ মার্চ, ২০২৬) সচিবালয়ে উপদেষ্টার অফিসকক্ষে…

Mar 8, 2026
বাংলাদেশ–নেপাল দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ করলেন নেপাল রাষ্ট্রদূত

বাংলাদেশ–নেপাল দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ করলেন নেপাল রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্টঃ ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।…

Mar 8, 2026
পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে বিশ্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে বিশ্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজধানীতে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ, ২০২৬)…

Mar 8, 2026
Scroll to Top