ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
ডেস্ক রিপোর্ট: অস্ট্রিয়ার ভিয়েনা-এ চলমান ‘গ্লোবাল ফ্রড সামিট’-এর সাইডলাইনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন United Nations Office on Drugs and Crime-এর নির্বাহী পরিচালক John Brandolino।
সোমবার (১৬ মার্চ, ২০২৬ খ্রি.) স্থানীয় সময় বিকেলে ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টার-এর ‘এম-বিল্ডিং’-এর একটি কনফারেন্স রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী মাদক নিয়ন্ত্রণ, মানব পাচার প্রতিরোধ, মানি লন্ডারিং এবং সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশে UNODC-এর দীর্ঘদিনের কারিগরি ও কৌশলগত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বৈশ্বিক অপরাধের পরিবর্তনশীল প্রেক্ষাপটে UNODC বাংলাদেশের একটি বিশ্বস্ত অংশীদার হিসেবে কাজ করছে।
মন্ত্রী ২০২৬ সালের জাতীয় নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সংস্থাটির অবদানের কথা তুলে ধরেন। তিনি জানান, নির্বাচনের সময় সারা দেশের ৮৯ জন পুলিশ সুপার (এসপি) এবং ৫৭৪ জন অফিসার-ইন-চার্জকে (ওসি) বিশেষ প্রশিক্ষণ প্রদান এবং নির্বাচনী আইনসংবলিত হ্যান্ডবুক প্রণয়নে UNODC-এর সহায়তা কার্যকর ভূমিকা রেখেছে।
বৈঠকে বর্তমান সরকারের গৃহীত ‘পুলিশ সংস্কার’ কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্বারোপ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই সংস্কারকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে UNODC-এর কারিগরি সহায়তা, নীতি-নির্ধারণী পরামর্শ এবং বৈশ্বিক অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি আধুনিক, পেশাদার ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে, UNODC নির্বাহী পরিচালক জন ব্রান্ডোলিনো বাংলাদেশের নিরাপত্তা খাতের আধুনিকায়ন এবং মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে সরকারের দৃঢ় অবস্থানের প্রশংসা করেন। তিনি ভবিষ্যতে সহযোগিতা আরও জোরদার করার আশ্বাস দেন।
বৈঠকে ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




