March 29, 2026

  • Home
  • All
  • ক্ষমতায় গেলে আইনশৃঙ্খলা কঠোর হাতে নিয়ন্ত্রণে নেওয়া হবে: তারেক রহমান
Image

ক্ষমতায় গেলে আইনশৃঙ্খলা কঠোর হাতে নিয়ন্ত্রণে নেওয়া হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় গেলে দুর্নীতি দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের আপস করবে না বিএনপি। সরকার গঠন করতে পারলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর হাতে নিয়ন্ত্রণ করা হবে বলেও তিনি জানান।

সোমবার (৯ ফেব্রুয়ারি, ২০২৬) রাজধানীর মতিঝিলের পীরজঙ্গি মাজার রোডে ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে আমাদের সর্বপ্রথম কাজ হবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে মা-বোনেরা নিরাপদে চলাফেরা করতে পারবেন, মানুষ নিশ্চিন্তে ব্যবসা ও চাকরি করতে পারবে এবং রাতে নিরাপদে ঘুমাতে পারবে।”

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বিএনপি চেয়ারম্যান বলেন, “২০০১ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে দেশকে দুর্নীতির কবল থেকে বের করে এনেছিলেন, ভবিষ্যতেও সেভাবেই দুর্নীতির বিরুদ্ধে কাজ করবে বিএনপি। আইন নিজের গতিতে চলবে, কারো সঙ্গে কোনো আপস করা হবে না।”

নারীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, “দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। নারীদের উন্নয়নযাত্রায় সম্পৃক্ত না করলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। সে কারণে বিএনপি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির ঘোষণা দিয়েছে। এই কর্মসূচির আওতায় সারাদেশের খেটে খাওয়া পরিবারের গৃহিণীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে এবং সরকার প্রতি মাসে আর্থিক সহায়তা দেবে, যাতে পরিবারগুলো ধীরে ধীরে স্বাবলম্বী হতে পারে।”

কৃষকদের প্রসঙ্গে তিনি বলেন, “কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে। অতীতে বিএনপি সরকারের সময় কৃষকদের জন্য সুদ ও কৃষি জমির খাজনা মওকুফ করা হয়েছিল। বিএনপি সরকার গঠন করতে পারলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে।”

তরুণ সমাজের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, “ছেলে-মেয়ে নির্বিশেষে তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আইসিটি ও ভোকেশনালসহ বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউশন গড়ে তুলে যুব সমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা হবে, যাতে দল-মত ও শ্রেণি-পেশা নির্বিশেষে সবাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে।”

উন্নয়নের নামে লুটপাটের অভিযোগ তুলে তারেক রহমান বলেন, “জনগণের করের টাকা দিয়ে বড় বড় প্রকল্প করা হলেও সাধারণ মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নিরাপত্তার মতো মৌলিক চাহিদা উপেক্ষিত থেকেছে। বিএনপি ক্ষমতায় এলে উন্নয়নের নামে লুটপাট নয়, জনগণের বাস্তব প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হবে।”

ঢাকা-৮ আসনের ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আগামী নির্বাচনে আপনাদের সঠিক মানুষ বেছে নিতে হবে। যে এই এলাকার মানুষ, তাকেই নির্বাচিত করতে হবে। এলাকার সমস্যা বাইরের কেউ ভালোভাবে বুঝতে পারে না।”

জনসভায় ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের হাতে ধানের শীষ তুলে দিয়ে তারেক রহমান বলেন, “মির্জা আব্বাস এই এলাকার সন্তান। আগামী ১২ তারিখ পর্যন্ত আপনারা তাকে পর্যবেক্ষণ করুন, তার পাশে থাকুন। এরপর জীবনের শেষদিন পর্যন্ত তিনি আপনাদের পাশে থাকবেন।”

Related Posts

পর্যটন ও বিমান খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-নেপাল আলোচনা অনুষ্ঠিত

পর্যটন ও বিমান খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-নেপাল আলোচনা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ্ আফরোজা খানম (রিতা)-এর সাথে রবিবার (২৯ মার্চ, ২০২৬) মন্ত্রণালয়ে…

Mar 29, 2026
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আধুনিক তথ্য ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞান বিনিময় এবং তথ্য আদান-প্রদানের লক্ষ্যে একটি সমঝোতা…

Mar 29, 2026
“বাংলাদেশ-নেপাল সামরিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছেছে”: নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী

“বাংলাদেশ-নেপাল সামরিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছেছে”: নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী

আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশে অবস্থিত নেপাল দূতাবাসের উদ্যোগে শুক্রবার (২৭ মার্চ, ২০২৬) সন্ধ্যায় নেপালি সেনাবাহিনীর ২৬৩তম রেইজিং ডে যথাযোগ্য…

Mar 28, 2026
Scroll to Top