বাণিজ্য, বিনিয়োগ ও জলবায়ু সহনশীলতাসহ বিভিন্ন খাতে বাংলাদেশ-যুক্তরাজ্য অংশীদারত্ব আরও জোরদার: ব্রিটিশ হাইকমিশনার


বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু সহনশীলতা, অবৈধ অভিবাসন প্রতিরোধ এবং পাচার হওয়া আর্থিক সম্পদ পুনরুদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাজ্যের অংশীদারত্ব আরও শক্তিশালী হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

বুধবার (১৮ নভেম্বর) ঢাকায় যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সরকারি জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, গত এক বছরে দুই দেশ অভিন্ন অগ্রাধিকারমূলক বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এ আয়োজন বাংলাদেশ ও যুক্তরাজ্যের ক্রমবর্ধমান বন্ধুত্ব ও সুদৃঢ় সম্পর্ক পর্যালোচনার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গ উল্লেখ করে সারাহ কুক বলেন, গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন দেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে।
তিনি আরও জানান, বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী ও তাঁর সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারত্বের প্রতি যুক্তরাজ্যের অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়েছে।
বর্তমান রাজত্বকালে ঢাকায় যৌথভাবে আয়োজিত চতুর্থ কিংস বার্থডে উদ্যাপন উপলক্ষে আয়োজিত এ সংবর্ধনায় কূটনীতিক, সরকারি প্রতিনিধি, ব্যবসায়ী নেতা এবং বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ অংশীদারত্ব আরও সম্প্রসারণের প্রত্যাশা তুলে ধরা হয়।











